স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনালের কোনো প্রসিকিউটর অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
এর আগে সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আমিনুল ইসলাম। সেখানে তিনি মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হবে। তদন্তে কোনো ভুল বা গাফিলতি পাওয়া গেলে আইনি সুযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের কোনো সদস্যের দুর্নীতি বরদাস্ত করা হবে না জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশনের কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেলে নিরপেক্ষভাবে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি বিচারের নামে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি।
তিনি আরও যোগ করেন, আমাদের লক্ষ্য সুনির্দিষ্টভাবে অপরাধীকে টার্গেট করে বিচার পরিচালনা করা, কোনো নিরপরাধ মানুষকে ভোগান্তি দেওয়া নয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব