| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার দুই সিটি ও চট্টগ্রামকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৯:১০:৪৩:অপরাহ্ন  |  ৬৩৬২৭২ বার পঠিত
ঢাকার দুই সিটি ও চট্টগ্রামকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্বাচনের মাধ্যমে সচল করা এবং জনসেবা নিশ্চিত করতে নতুন কৌশল গ্রহণ করেছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে ছয় সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের এই পরিকল্পনার কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় সংসদ। সরকারের প্রধান লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জনগণের প্রতিনিধিদের হাতে ফিরিয়ে দেয়া।

তিনি উল্লেখ করেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতেও নির্বাচনের ব্যবস্থা করা হবে। তবে, যে সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।

সরকারি কর্মকর্তাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাই জনদুর্ভোগ লাঘবে এবং সেবা নিশ্চিত করতে তাঁরা সরকারি কর্মকর্তাদের চেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। একই প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকার কাঠামোগুলোকে পুনরায় সচল ও গতিশীল করতেই এই রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণ করেই নবনিযুক্ত প্রশাসকরা জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে তাঁদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সিটি করপোরেশন এলাকাগুলোতে মশা নিধন, দীর্ঘস্থায়ী যানজট নিরসন এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কাজকে তাঁরা সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। দ্রুত দৃশ্যমান ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসকরা ৬০ দিনের একটি বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ বা নিবিড় কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্টৱ, সরকার স্থানীয় প্রশাসনকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত করে জনবান্ধব করতে চাইছে। রাজনৈতিক প্রশাসকদের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান এবং অগ্রাধিকার ভিত্তিতে বড় শহরগুলোতে নির্বাচনের ঘোষণা তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪