রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে মশার ব্যাপক বৃদ্ধি এখন নাগরিকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত এক মাসে মশার সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি আগামী এক মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায়, তবে স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ আকার নেবে।
গবেষণায় বলা হয়েছে, প্রতি ঘণ্টায় কামড়ানোর জন্য মশার সংখ্যা বিশ্বের মান অনুযায়ী মাত্র ৫, কিন্তু ঢাকায় প্রতি ঘণ্টায় মশার সংখ্যা প্রায় ৮৫০, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানিয়েছেন, হঠাৎ মশার বৃদ্ধির পেছনে মূলত দুটি কারণ কাজ করছে। উপযুক্ত তাপমাত্রা ও পর্যাপ্ত খাবারের উপস্থিতি, সঙ্গে ড্রেন-নর্দমার আটকে থাকা পানিতে লার্ভার বৃদ্ধি। লার্ভিসাইড ছাড়া ফগিং-এর মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করা এখন সহজ নয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান তালুকদার জানিয়েছেন, মশানিধনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে এবং বিভিন্ন স্থানের মশক নাশক ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। আশা করা হচ্ছে, পরবর্তী ১০-১৫ দিনের মধ্যে মশার প্রভাব কমতে শুরু করবে।
রিপোর্টার্স২৪/ঝুম