| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আয়রন গ্রে’ নয়, আগের পোশাকেই ফিরতে চায় পুলিশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১২:০৯:৪৯:অপরাহ্ন  |  ৬৩৬৪৩৬ বার পঠিত
‘আয়রন গ্রে’ নয়, আগের পোশাকেই ফিরতে চায় পুলিশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে আপত্তি তুলে তা পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, অন্তর্বর্তীকালীন সরকার সদস্যদের মতামত না নিয়েই নতুন পোশাক অনুমোদন করেছিল এবং বাহিনীর অধিকাংশ সদস্য এ পরিবর্তনের পক্ষে নন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে চালু হওয়া নতুন ‘আয়রন গ্রে’ রঙের পোশাক মাঠপর্যায়ে বিভ্রান্তি তৈরি করছে। আগে ব্যবহৃত নীল ও সবুজ রঙের পোশাকের পরিবর্তে বর্তমানে রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যরা নতুন রঙের ইউনিফর্ম পরছেন।

‘মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত’

বিবৃতিতে অভিযোগ করা হয়, নতুন পোশাক নির্ধারণের ক্ষেত্রে সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন-রাতের ডিউটির বাস্তবতা কিংবা বাহিনীর মতামত বিবেচনায় নেওয়া হয়নি। এমনকি অন্য সংস্থার ইউনিফর্মের সঙ্গে সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে বলেও দাবি করা হয়।

সংগঠনটি স্মরণ করিয়ে দেয়, ২০০৩-২০০৪ সালে দীর্ঘ যাচাই-বাছাই শেষে তৎকালীন সরকার গঠিত একটি কমিটির সুপারিশে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছিল। তখন পেশাগত প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়।

‘ঐতিহ্য ও পেশাদারিত্বের প্রতীক’

বিবৃতিতে বলা হয়, আগের পোশাকটি বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে বিবেচিত। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অধিকাংশ সদস্য আগের পোশাক পরেই দায়িত্ব পালন করেছেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পেশাদারিত্ব দেখিয়েছেন বলে সংগঠনটির দাবি।

অর্থনৈতিক দিকও বিবেচনায়

পোশাক পরিবর্তনকে ব্যয়বহুল প্রক্রিয়া উল্লেখ করে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্ত অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলেও বিবৃতিতে বলা হয়। সংগঠনটির মতে, পোশাকের রং বা নকশা পরিবর্তনের চেয়ে সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়ন এখন বেশি জরুরি।

নতুন সরকারের কাছে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪