স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ছয় কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আট সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগম দায়ের করা জনস্বার্থে রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আবেদনকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী জানান, ২০১৯ ও ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকল্পের বিভিন্ন পদে মিরাজ আল মামুন, রবিউল আলম, আল মামুন, এ কে এম নজমুল হাসান, মুশফিকা আহমেদ ও আবু কায়সারকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তাদের পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা ছিল না এবং অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির সম্ভাবনা রয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
রিপোর্টার্স২৪/এসসি