স্টাফ রিপোর্টার: খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করে যাব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, হাজার বছর আগে এ পৃথিবীতে যারা এসেছিলেন তারা পৃথিবীটাকে আমাদের জন্য সুন্দর করে রেখে গেছেন বলেই আমরা উপভোগ করতে পারছি। আমাদের প্রত্যেকটি মানুষের বড় দায়িত্ব হলো, আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য একটি সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করা। আমরা নিজেদের সেই কাজে নিয়োজিত করেছি।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে সুন্দর, অধিকার ও বাকস্বাধীনতার দেশ। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। আমাদের এবারের লক্ষ্য হবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে খাদ্য রপ্তানি করা। এ জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের কম বেশি ৭০ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যদি আমরা শক্ত করতে পারি তাহলে বাকি ৩০ ভাগ মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড এমনিতেই শক্ত হয়ে যাবে। অর্থ, উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত। মানুষ যত অর্থ-সম্পদই অর্জন করুক না কেন, ক্ষুধা নিবারণই জীবনের মৌলিক সত্য। খাদ্য উৎপাদন, মৎস্য, মাংস ও ডিম উৎপাদনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খাদ্যসচিব মো. ফিরোজ সরকারসহ খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরিচিতি সভায় খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। মানুষ এখন আর বৈষম্য দেখতে চায় না। কোনো অনিয়ম দুর্নীতি দেখতে চায় না। মানুষ চায় বাংলাদেশটা একটি সুন্দর ট্রাকে চলুক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সকার উচিত তার এ কাজে সহযোগিতা করা। এজন্য একটি ভালো টিমওয়ার্ক দরকার।
খাদ্যসচিব বলেন, সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সাথে কাজ করে যাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব