রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে সাজানো জঙ্গি নাটকে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে ৮ মার্চ।
মামলায় মোট আসামি আটজন। আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল, কিন্তু দুজন গ্রেপ্তার থাকায় বাকিদের জন্য আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হখেলন- সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
মামলায় পলাতক আসামিরা হখেলন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি এলাকায় ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালায়। অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এ মামলায় আজকের আদেশ পলাতক আসামিদের আইনি সম্মুখীন হওয়ার জন্য নতুন ধাপ হিসেবে গণ্য হচ্ছে।
রিপোর্টার্স২৪/আরকে