| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরাদ্দ জটিলতায় একুশে বইমেলা বয়কট করছে ৩০০ প্রকাশনী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ২৩:৩৭:১৬:অপরাহ্ন  |  ৬৩৪৩০৬ বার পঠিত
বরাদ্দ জটিলতায় একুশে বইমেলা বয়কট করছে ৩০০ প্রকাশনী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা এবং চরম সময়স্বল্পতার অভিযোগ তুলে আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশের সৃজনশীল প্রকাশকদের প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’। সংগঠনটি জানিয়েছে, তাদের সঙ্গে যুক্ত তিন শতাধিক প্রকাশনী এবারের মেলায় অংশ নেবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের অস্বচ্ছতা নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া, পূর্বসমঝোতা বাস্তবায়নে বাংলা একাডেমি-র ব্যর্থতা এবং সময়ের ঘাটতির কারণে তাদের পক্ষে মেলায় অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে সব প্যাভিলিয়ন বাতিল করে সমতার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ ইউনিটের স্টল বরাদ্দের বিষয়ে মৌখিক সমঝোতা হয়েছিল। কিন্তু পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তিতে সে বিষয়ে কোনো উল্লেখ না থাকায় তারা বিস্ময় প্রকাশ করেন।

প্রকাশক ঐক্যের ভাষ্য অনুযায়ী, প্যাভিলিয়ন নির্মাণে অন্তত ১০ দিন সময় প্রয়োজন হলেও মেলা শুরুর মাত্র চার দিন আগে বরাদ্দসংক্রান্ত অনিশ্চয়তা দূর হয়নি। ফলে কাঠামো নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, সাজসজ্জা ও বই গুছিয়ে প্রস্তুতি সম্পন্ন করা কারিগরি ও বাস্তবিকভাবে অসম্ভব হয়ে পড়েছে।

তারা আরও অভিযোগ করেন, অযোগ্য কিছু প্রকাশককে অস্বচ্ছ প্রক্রিয়ায় প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে এবং আন্দোলনের ফলে সরকার স্টলভাড়া মওকুফ করলেও প্যাভিলিয়নধারীরাও সেই সুবিধা পাচ্ছেন, যা বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করেছে।

সংগঠনটি জানায়, ২০ ফেব্রুয়ারি রাত পর্যন্ত প্যাভিলিয়ন বাতিলের বিষয়ে সময়সীমা দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্টল নম্বর নির্ধারণে লটারি অনুষ্ঠিত হয়নি বলেও দাবি করা হয়।

তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, কোনো প্রকাশক ব্যক্তিগত সিদ্ধান্তে মেলায় অংশ নিতে চাইলে তাতে অন্যদের আপত্তি থাকবে না। একই সঙ্গে তারা বলেন, তারা মেলা বা সরকারের প্রতিপক্ষ নন; বরং বইমেলা তার আপন মর্যাদায় অনুষ্ঠিত হোক এটাই তাদের প্রত্যাশা।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে প্রকাশনা খাতের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

‘প্রকাশক ঐক্য’-এর পক্ষে মেছবাহউদ্দীন আহমদ, এ. কে. নাসির আহমেদ, মনিরুল হক, মাজহারুল ইসলাম, সৈয়দ জাকির হোসাইন, জসীম উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিনসহ ১৫ জন প্রকাশক বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪