স্টাফ রিপোর্টার: দুবাই থেকে দেশে ফেরার পথে লাগেজে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান ও বিভিন্ন শুল্কযোগ্য পণ্য বহনের অভিযোগে নূর হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীলঙ্কা হয়ে দুবাই থেকে আসা একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার লাগেজে তল্লাশি চালানো হয়।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা এয়ারগানটি ভেঙে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে কৌশলে লুকিয়ে আনা হয়েছিল, যাতে সাধারণ স্ক্যানিংয়ে সহজে ধরা না পড়ে। এ ছাড়া তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম স্বর্ণের গহনা, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যসামগ্রী এবং দুই লিটার পারফিউম জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর হোসেন জানান, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এসব পণ্য বহন করছিলেন। বিষয়টি অধিকতর তদন্তের জন্য তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্র আইনে ও শুল্ক ফাঁকির অভিযোগে পৃথকভাবে তদন্ত করা হবে।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি