চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে চাটমোহর উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিন সারা দেশের মতো চাটমোহরেও সরকারি, বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
দিবসের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এরপর পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাটমোহর উপজেলা কমান্ড,পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠণ, চাটমোহর প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ,ব্যবসায়ী সমিতি, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ছিল বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।
রিপোর্টার্স২৪/মিতু