| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৬:৩২:১৩:অপরাহ্ন  |  ৬৫২৭১১ বার পঠিত
চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বরিশালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে অর্থ সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এতে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার এই পালাবদলের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যাওয়া হবে। পশ্চাৎপদ নারীদের ক্ষমতায়নই এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য। তাদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ, চলতি মাসের মধ্যেই কার্ড বিতরণ শুরু হবে।

তিনি জানান, দেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছে দেওয়া গেলে সংশ্লিষ্ট পরিবারের নারীরাই হবেন এর মালিক। শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে, এরপর ধারাবাহিকভাবে সুবিধার পরিধি বাড়ানো হবে।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হচ্ছে। তবে গণমাধ্যমকে সুষ্ঠুভাবে কাজ করতে না দিলে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়। জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে।

এ সময় তিনি ওয়েজ বোর্ড হালনাগাদ করাসহ সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪