| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোহিঙ্গা ক্যাম্পে ওজিল–বিলাল, ফুটবল খেলায় অংশ ও ইফতার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৯:১৯:৫০:অপরাহ্ন  |  ৬৬৪১০০ বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্পে ওজিল–বিলাল, ফুটবল খেলায় অংশ ও ইফতার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন। একদিনের এই সফরে তাদের সঙ্গে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা। সেখানে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক আব্দুল মান্নান ও পুলিশ সুপার সাজেদুর রহমান। পরে প্রতিনিধি দলটি কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি ও চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করছে। দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।

কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। ২০১৭ সালে সংকট শুরুর পর থেকে তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। সেখানে তুরস্ক পরিচালিত ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিআইকেএ (টিকা) পরিচালিত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শনের কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা যুবকদের নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেবেন মেসুত ওজিল। ম্যাচ শেষে বিলাল এরদোয়ান ও ওজিল রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪