| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের টাকায় চলি, তাই জবাবদিহি এড়ানোর সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৬:৪২:৫১:অপরাহ্ন  |  ৬৮০৪২৮ বার পঠিত
জনগণের টাকায় চলি, তাই জবাবদিহি এড়ানোর সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের করের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। সেই কারণে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও নড়বড়ে রাষ্ট্রব্যবস্থার ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

মন্ত্রী বলেন, একটি সফল রাষ্ট্র গঠনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র এই তিন স্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। ভিন্নমত ও বিভেদ ভুলে দলগতভাবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা মানে শুধু প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়; বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রতিষ্ঠানই একটি উন্নয়নমুখী রাষ্ট্রের ভিত্তি।

গ্রামীণ জনগোষ্ঠীর দুর্দশার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গ্রামের মানুষের কষ্ট কোনো আবেগ নয়, এটি বাস্তবতা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সেই কষ্ট লাঘবে কাজ করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রেখে জনগণের কাছে পৌঁছাতে হবে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়। এগুলো জনগণের সঙ্গে করা সামাজিক চুক্তি। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে তবেই কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠন সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪