| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজানের ছুটিতে পাঠঘাটতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ০৩:১৬:৫২:পূর্বাহ্ন  |  ৬৮৪৯৯০ বার পঠিত
রমজানের ছুটিতে পাঠঘাটতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ৩৬ দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ ছুটি রমজান মাসসহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় ছুটি মিলিয়ে কার্যকর থাকবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। প্রজ্ঞাপন অনুযায়ী, রমজানের ছুটির সঙ্গে হিন্দু ধর্মালম্বীদের একটি পূজা, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবসের ছুটি যুক্ত হয়ে মোট ৩৬ দিনের অবকাশ নির্ধারিত হয়েছে।

তবে টানা ৩৬ দিনের ছুটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকেই পাঠ্যসূচি সম্পন্ন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদ্রাসা ও কলেজগুলো আগে থেকেই পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেছে। তাহলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেন ছুটির বৈষম্য থাকবে? আমরা সব স্তরের শিক্ষার্থীদের জন্য ছুটির বিষয়টি সমান করতে চেয়েছি।

টানা ৩৬ দিনের প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, দিন হিসেবে ৩৬ দিন হলেও কর্মদিবস হিসেবে তা ২৬ দিন। ক্যালেন্ডার অনুযায়ী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং স্বাধীনতা দিবস ও ঈদের সরকারি ছুটি বাদ দিলে ক্লাসরুম বন্ধ থাকবে মাত্র ১৮ দিন। এই ১৮ দিনের পাঠদান ঘাটতি কীভাবে পুষিয়ে নেওয়া যায়, সে বিষয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

এর আগে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। এক আইনজীবীর করা রিটের পর হাইকোর্ট স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। পরে সরকার আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে আইনগত বাধা না থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজান মাসে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন, ইবাদত-বন্দেগি ও পারিবারিক পরিবেশে সময় দেওয়ার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত। পাশাপাশি গরম আবহাওয়া ও শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

সূত্র জানায়, নির্ধারিত ছুটির পর যথাসময়ে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সময়ের মধ্যে শিক্ষকদের প্রয়োজনীয় একাডেমিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পাঠ্যসূচি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা যায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪