জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে ফেরার পথে পাঁচ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া অংশ থেকে জেলেদের অপহরণ করা হয়। তারা মাছ ধরার পর উপকূলে ফিরছিলেন।
শাহপরীর দ্বীপের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহ–এর ট্রলারে থাকা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন জেলে নৌকাসহ অপহৃত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আতাউর রহমান জানান, রাতে পাঁচটি ট্রলার একসঙ্গে ফিরছিল। হঠাৎ একটি স্পিডবোটের শব্দ শুনে কিছু বুঝার আগেই আরাকান আর্মির সদস্যরা একটি নৌকা ঘিরে ধরে এবং জেলেদের মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো নিরাপদে ফিরে আসে।
প্রভাব ও প্রতিক্রিয়া
এই ঘটনার কারণে শাহপরীর দ্বীপের জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার বিজিবি সূত্রে জানা যায়, আরাকান আর্মি ৬৭ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গাসহ ৭৩ জেলেকে দীর্ঘদিন পর ফেরত দিয়েছে। তবে গত এক বছরে নাফ নদীর সীমানা থেকে প্রায় সাড়ে চার শতাধিক জেলেকে অপহরণ করেছে বিদ্রোহী গোষ্ঠীটি, যার মধ্যে ২৮০ জনের অধিককে ফিরিয়ে দেওয়া হলেও বাকি জেলেদের হদিস মেলেনি, ফলে স্বজনদের মধ্যে উদ্বেগ এবং উদগ্রীবতা বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/আরকে