| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুমের মামলায় সাবেক সেনাপ্রধানকে আজ জেরা করবেন জিয়াউলের আইনজীবীরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৯:৫০:৩৪:পূর্বাহ্ন  |  ৬৯৩৯৫৯ বার পঠিত
গুমের মামলায় সাবেক সেনাপ্রধানকে আজ জেরা করবেন জিয়াউলের আইনজীবীরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়াকে আজ জেরা করবেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানর আইনজীবীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, নাজনীন নাহার ও আইনজীবী নিজাম আদালতে সওয়াল করছেন। তাদের প্রশ্নের মুখে পড়বেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত ৯ ফেব্রুয়ারি তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে জেরার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

গত ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানের কর্মকাণ্ড নিয়ে বিস্তর বক্তব্য তুলে ধরেন। তিনি দাবি করেন, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা র‌্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয়ে ফিরতেন। সেনাবাহিনী ও র‌্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়েও বিস্তারিত বর্ণনা দেন তিনি। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

এদিকে, বুধবার সকালে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তার উপস্থিতিতেই জেরা কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি জিয়াউলের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে সড়কের পাশে সজলসহ আরও তিনজনকে হত্যার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগেও একই সময়ে আরও ৫০ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার পরবর্তী কার্যক্রম ঘিরে আইনজীবী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪