বেনাপোল প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছে বাংলাদেশি ২৮ শিশু। ফেরত আসাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। অধিকাংশের পিতা-মাতা ভারতে কারাগারে সাজাভোগ করছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্টে ভারতীয় কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করেন। এ সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, বিজিবি, এবং দুই দেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফেরত আসা শিশুদের পরিবারের বাড়ি কুড়িগ্রাম, রংপুর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল, নাটোর, কুমিল্লা, খুলনা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে শিশুরা পিতা-মাতার সঙ্গে ভারতে গিয়েছিল। পরে পুলিশ তাদের আটক করে হোমে রাখে। দীর্ঘ তিন থেকে সাত বছর পর দুই দেশের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, ফেরত আসা শিশুদের থানার আনুষ্ঠানিকতার পর তিনটি বেসরকারি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। রাইটস যশোর, মহিলা আইনজীবি সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ার শিশুদের অভিভাবকের কাছে পৌঁছে দেবে।
রাইটস যশোরের কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান বলেন, সীমান্তের অবৈধ পথে শিশুদের পিতা-মাতার সঙ্গে ভারতে পাঠানো হয়েছিল। পরে আইনি প্রক্রিয়ায় তাদের পিতা-মাতার সাজা হওয়ায় শিশুদের হোমে রাখা হয়। দীর্ঘদিন পর দুই দেশের সমন্বয়ে দেশে ফেরার সুযোগ পেয়েছে তারা। শিশুদের বেনাপোল থেকে যশোরে সংস্থার হোমে রাখা হবে, পরে অভিভাবকের হাতে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি