বেনাপোল (যশোর) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার হত্যা মামলার দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২)কে ভারতের উদ্দেশ্যে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতার জন্য উপস্থিত হলে যাচাই-বাছাইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত দুই ভাই হালুরগাঁন এলাকার জালাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বাংলাদেশ আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত এবং পারিবারিক গন্ডগোলের একটি হত্যা মামলায় আসামি রয়েছে। শামিম হোসেন নিজেই এ তথ্য স্বীকার করেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন জানান, দুই সহোদরের নাম পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় কালো তালিকায় পাওয়া যায়। এরপর তাদেরকে গ্রেপ্তার করে ইমিগ্রেশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বলেন, সুনামগঞ্জ থানার সঙ্গে যোগাযোগের পর দুই সহোদরকে হত্যার মামলায় সংশ্লিষ্ট হিসাবে ওই থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টা করার সময় প্রায় ৪০ জনকে হত্যা ও বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি