| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের অবাধ প্রবেশের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৭:০৩:৫০:পূর্বাহ্ন  |  ৬৯৫৪১৯ বার পঠিত
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের অবাধ প্রবেশের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেট অঙ্গনে গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে আর কোনো অযৌক্তিক বিধিনিষেধ থাকবে না।

রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেট কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এখানেই জাতীয় দলের অনুশীলন, আন্তর্জাতিক ম্যাচ ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয়। মাঠ ও ড্রেসিংরুমসংলগ্ন কার্যক্রম কাভার করতে প্রতিদিনই সেখানে উপস্থিত থাকেন ক্রীড়া সাংবাদিকরা।

তবে গত ৩১ জানুয়ারি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক নির্দেশনায় স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং পূর্বঘোষিত অনুশীলন সেশন কাভার করার ক্ষেত্রেই সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। এ সিদ্ধান্তে ক্রীড়া অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান নেন আমিনুল হক। তিনি বলেন, আমি নিজেই জানতাম না সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন, আমি দেখব। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।

সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত সাংবাদিকদের সামনেই তিনি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন করে নির্দেশ দেন, যেন পরদিন থেকেই সাংবাদিকরা স্বাধীনভাবে মাঠে প্রবেশ করে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, ক্রিকেটকে জনসম্পৃক্ত রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে সাংবাদিকদের উপস্থিতি খেলোয়াড়, বোর্ড ও দর্শকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এ প্রেক্ষাপটে ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন নির্দেশনা ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণমাধ্যমকর্মীরাও আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে নিরাপত্তা ও পেশাগত দায়িত্বের মধ্যে সমন্বয় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে ক্রিকেটের স্বার্থ এবং সংবাদ পরিবেশনের স্বাধীনতা—দুই-ই বজায় থাকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪