বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেলেন শেখ ফরিদুল ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তাকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ দুই হাজার ১৯৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে এটি বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে বিনামূল্যে কয়েক লাখ মানুষের চোখের চিকিৎসা প্রদান এবং অসহায় ও দুস্থদের সহায়তা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন ড. ফরিদুল ইসলাম।
তার প্রতিমন্ত্রী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ড. ফরিদুল ইসলামের এ অর্জনে শুধু দলের নেতাকর্মীরাই নন, বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষ আনন্দিত ও গর্বিত।
রিপোর্টার্স২৪/মিতু