| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেকের শুরু, ইউনূসের শেষ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৮:০৯:১৫:অপরাহ্ন  |  ৬৮৪৭৭৪ বার পঠিত
তারেকের শুরু, ইউনূসের শেষ

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে তার নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার গঠনের সুযোগ পায়।

এদিন সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপি দলীয় সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর দলীয় সংসদীয় কমিটির বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটে এবং শুরু হয় নতুন সরকারের পথচলা।

রাজনৈতিক পথচলা

২০০১ সালের জাতীয় নির্বাচনে আনুষ্ঠানিক কোনো দলীয় পদে না থাকলেও চারদলীয় জোটের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন তারেক রহমান। ওই নির্বাচনে জয়লাভের পর ২০০২ সালে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান।

২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে দলের চেয়ারপারসন খালেদা জিয়া–র মৃত্যুের ১০ দিনের মাথায় জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে দলের চেয়ারম্যান করা হয়। এর আগে ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাবন্দী হলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০০৭–০৮: গ্রেপ্তার ও প্রবাস

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। ওই বছরের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় জামিন লাভ করেন।

১১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন। একই সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে। পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা প্রায় ১৫ বছর ৮ মাস রাষ্ট্র পরিচালনা করে।

রাজনৈতিক পটপরিবর্তন ও নির্বাচন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করলে রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। তিন দিন পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে সংবিধান ও বিভিন্ন আইনি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় এবং দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি সক্রিয় অবস্থান নেয়।

২০২৫ সালের ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ের পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যাকে সঙ্গে নিয়ে তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটে।

শোক ও দায়িত্বের সন্ধিক্ষণ

দেশে ফেরার মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনি হারান তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে। ব্যক্তিগত শোকের এই সময়েই রাজনৈতিক দায়িত্বের নতুন অধ্যায়ে প্রবেশ করেন তিনি।

২৫ ডিসেম্বর দেশে ফেরা থেকে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ—সময়ের ব্যবধান স্বল্প হলেও এ সময়টি তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শোক, প্রত্যাবর্তন ও রাষ্ট্রীয় দায়িত্ব—সব মিলিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো তার নেতৃত্বে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪