রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটানো হবে এবং রাষ্ট্রকে নতুন ধারায় এগিয়ে নেওয়া হবে। সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ এর কোনো সদস্যের শপথ পাঠ করানোর এখতিয়ার নেই, তাই এ ধরনের কোনো প্রক্রিয়া হয়নি।
সালাহউদ্দিন আরও জানান, শপথগ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমান-কে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে।
বৈঠকে তারেক রহমান সংসদ সদস্যদের দুটি নির্দেশ দিয়েছেন, কোনো সংসদ সদস্য ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না। সংসদ সদস্য হিসেবে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না।
সালাহউদ্দিন বলেন, আজ থেকেই পরিবর্তনের সূচনা। সংসদ সদস্য হলেই কেউ বিশেষ সুবিধাভোগী হবে এ ধারণা বদলাতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম