রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে জাপান। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে টোকিও।
ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকার জানায়, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে নির্বাচন সম্পন্ন হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিবাচক দৃষ্টান্ত। এ জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বিশেষভাবে বিএনপি ও এর চেয়ারম্যানের বিজয়কে স্বীকৃতি দিয়ে বলা হয়, নির্বাচনের ফলাফল জনগণের রায়ের প্রতিফলন। পাশাপাশি সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের প্রতিও শুভেচ্ছা জানানো হয়েছে।
নতুন সরকার গঠনের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও মসৃণ হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে। অর্থনীতি, অবকাঠামো, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে ঢাকা-টোকিও সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।
সূত্র: বাসস
রিপোর্টার্স২৪/ঝুম