নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে বিএনপির এক সমর্থকের ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে এনসিপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মুলা মার্কেট এলাকায় আগুনের খবর পেয়ে সবাই ছুটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দোকান ও মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
সবকটি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালাম সর্দার। তিনি ধানের শীষের সমর্থক। কালাম সর্দার জানিয়েছেন, কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হুমকি দিচ্ছিল। গভীর রাতে ফোন পেয়ে দোকানে গেলে দেখেন সব সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের এই কাজ করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি