কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) ও শরীফ উদ্দিন (৪১)।
১৫ ফেব্রুয়ারী (রবিবার) দুপুর ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকার দিক থেকে উত্তরবঙ্গমুখী একটি প্রাইভেটকার ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ভ্যানচালক ও তার সঙ্গে থাকা এক যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম।
রিপোর্টার্স২৪/মিতু