স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র নয়টি দলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ৪১টি দলের কোনো প্রার্থীই কোনো আসনে বিজয়ী হতে পারেননি।
বাংলাদেশ নির্বাচন কমিশন–এর তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নেয়নি। দলটির কয়েকটি জোটসঙ্গীসহ মোট নয়টি নিবন্ধিত দলও ভোটে অংশ নেয়নি।
এবারের নির্বাচনে অংশ নেয় ৫০টি দল, যার মধ্যে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টি।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি দলীয়ভাবে সর্বোচ্চ ২০৯টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপি পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।
এছাড়া একটি করে আসনে জয় পেয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)।
যেসব দলের কোনো প্রার্থী জয় পাননি, তাদের মধ্যে রয়েছে,জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ আরও বেশ কয়েকটি নিবন্ধিত দল।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ৫০টি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিপোর্টার্স২৪/এসসি