কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের পরাজিত প্রার্থী ও বিএনপির জেলা সদ্স্য সচিব জাকির হোসেন সরকার আজ (১৪ ফেব্রয়ারি)দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পোস্টে তিনি লেখেন, আমাদের নবনির্বাচিত এমপি মুফতি আমির হামজা সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। এই যন্ত্র দানবকে শৃঙ্খলার মধ্যে এনে কুষ্টিয়াবাসীকে বালির অত্যাচার থেকে মুক্তি দিতে হবে। আপনি উদ্যোগ গ্রহণ করুন। আমরা আপনার পাশে আছি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ভারী যন্ত্রপাতির কারণে জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, ধুলাবালুর কারণে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশগত ভারসাম্যহীনতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও জনস্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে জাকির হোসেন সরকারের এই বক্তব্য স্থানীয় মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। নাগরিকদের প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে একটি টেকসই সমাধানের পথ বের করবেন।
কুষ্টিয়াবাসীর আশা, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব ব্যবস্থা গড়ে তোলা হবে।
রিপোর্টার্স২৪/মিতু