স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোট দিয়েছেন এ জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
ভোটের দিনের সবচেয়ে দুশ্চিন্তার মুহূর্ত প্রসঙ্গে তিনি জানান, কিছু কেন্দ্রে ব্যালট বাতিলের খবর পেয়ে উদ্বিগ্ন হয়েছিলেন। “আমি বলেছিলাম, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়। তবে সময়টা ছিল কষ্টকর,” বলেন তিনি।
নির্বাচনী পরিবেশ নিয়ে মির্জা আব্বাস মন্তব্য করেন, নির্বাচন আনন্দ ও উৎসবের বিষয় যুদ্ধক্ষেত্র নয়। তার ভাষ্য, কেউ কেউ নির্বাচনী মাঠকে অযথা সংঘাতমুখর করেছেন এবং ব্যক্তিগত প্রচারের জন্য পরিস্থিতিকে উত্তপ্ত করেছেন, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ঢাকা-৮ আসনের ফলাফল ঘিরে জনআগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জনসম্মুখে যেভাবে তাকে গালিগালাজ করা হয়েছে, তা মানুষ আশা করেনি। ফলে ফলাফলের দিকে সবার নজর ছিল।
কৌশল প্রসঙ্গে তিনি দাবি করেন, বিশেষ কোনো কৌশল নেননি। বরং তার সম্পর্কে একটি ‘ন্যারেটিভ’ তৈরি করে প্রতিপক্ষ নিজেকে আলোচনায় আনতে চেয়েছেন। এটা হয়তো কারও প্রথম নির্বাচন হতে পারে, কিন্তু আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় অনেক শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছি, যোগ করেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম