কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করিয়েছেন জামায়াতে ইসলামীর জয়ী প্রার্থী আমির হামজা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় দুই দলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ ও মিষ্টিমুখ করানোর ছবি বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতা–কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন দুই নেতা। কুষ্টিয়াকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও মত প্রকাশ করা হয়।
জয়ী প্রার্থী আমির হামজা বলেন, নির্বাচন শেষ। এখন আমাদের মূল লক্ষ্য কুষ্টিয়ার মানুষের কল্যাণ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।
পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকার নবনির্বাচিত সংসদ সদস্যকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের স্বার্থ সবার আগে। কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে আমরা গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি রাজনৈতিক সহনশীলতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দীন জোয়ার্দার, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ উভয় দলের স্থানীয় পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে আমির হামজা ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন সরকার পান ১ লাখ ২৭ হাজার ৫৯৯ ভোট।
রিপোর্টার্স২৪/এসসি