| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর-২ ধানের শীষ জেতায় বাজির মহিষ নিয়ে বাড়ি ফিরলেন মান্নান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১১:২২:২১:পূর্বাহ্ন  |  ৭০৭৩৯৯ বার পঠিত
শেরপুর-২ ধানের শীষ জেতায় বাজির মহিষ নিয়ে বাড়ি ফিরলেন মান্নান

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান। পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক আমীর হোসেনের সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে তিনি মজার ছলে একটি বাজি ধরেছিলেন।

বাজির শর্ত ছিল শেরপুর–২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান আমীর হোসেনকে ৬টি মহিষ দেবেন। আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান পাবেন ১টি মহিষ।

তারপর গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত নির্বাচনী ফলাফলে শেরপুর ২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়। ফলে বাজির শর্ত অনুযায়ী আব্দুল মান্নান গতকাল শুক্রবার সকালে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে আমীর হোসেনের বাড়ি থেকে একটি মহিষ নিয়ে বাড়ি ফেরেন।

আব্দুল মান্নান বলেন, আমি আগে থেকেই বলেছিলাম ধানের শীষই জিতবে। তাই মজা করে বাজি ধরেছিলাম। ফলাফল হওয়ার পর শর্ত অনুযায়ী মহিষ নিয়ে বাড়ি ফিরেছি।

মহিষ নিয়ে মান্নানের বাড়ি ফেরার খবরে নাকশী গ্রামসহ আশপাশের এলাকায় আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় লোকজন বিষয়টিকে ঘিরে হাসি-আনন্দ করেন। অনেকেই মান্নানকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করেন।

আব্দুল মান্নানের ছেলে সোহেল মিয়া বলেন, আমার আব্বা বাজিতে মহিষ জেতায় আমরা সকালে ব্যান্ড পার্টি নিয়ে জামায়াতের ওই সমর্থকের বাড়ি থেকে মহিষ নিয়ে এসেছি।

স্থানীয় বাসিন্দা রিয়াজ আহম্মেদ বলেন, এটা আসলে মজার বাজি ছিল। কিন্তু ফলাফল হওয়ার পর মহিষ নিয়ে বাজনা বাজিয়ে যেভাবে মান্নান ভাই বাড়ি ফিরেছেন, সেটা দেখতে সবাই বের হয়ে এসেছিল।

এ বিষয়ে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, আমীর হোসেন ও আব্দুল মান্নানের মধ্যে নানা-নাতীনের সম্পর্ক। তাঁরা মজার ছলেই বাজি ধরেছিল। আজ বাজনাসহ বাজার ঘুরে মান্নান সেই মহিষ তার বাড়িতে নিয়ে যায়। তাঁদের মধ্যে এখনো ভালো সম্পর্ক রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪