রংপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে ভরাডুবির মুখে পড়েছে জাতীয় পার্টি। দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত এ অঞ্চলে এবার একটি আসনেও জয় পায়নি দলটির লাঙ্গল প্রতীকের কোনো প্রার্থী। সারাদেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও আসনশূন্য রয়েছে দলটি।
নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর রংপুরে একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, লাঙ্গল প্রতীক সামনে রেখে প্রতীকী জানাজার নামাজ আদায় করা হচ্ছে। জানা গেছে, ফলাফল প্রকাশের পর এনসিপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ একে রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অসম্মানজনক আখ্যা দিচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কোণঠাসা অবস্থায় ছিল জাতীয় পার্টি। এর আগে বিভিন্ন সময় এনসিপি নেতারা দলটির ‘কবর রচনার’ হুঁশিয়ারি দিলে তার জবাবে প্রতীকী জানাজার কর্মসূচিও পালন করা হয়েছিল।
বেসরকারি ফলাফলে দলটির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন। নির্বাচনে পরাজয়ের পর বুধবার সন্ধ্যায় জি এম কাদের রংপুরের বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে রংপুর অঞ্চলে উত্থান ঘটিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অঞ্চলের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জামায়াত এবং একটি আসনে তাদের জোটসঙ্গী এনসিপি জয় পেয়েছে।
স্থানীয় বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টির এ ভরাডুবি রংপুর অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি