মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত হয়েছেন। সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতের নাম জসিম নায়েব (৩৫)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোন জামাই মো. দিদার।
স্থানীয় সূত্র জানায়, চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচনের আগ থেকেই ধানের শীষের সমর্থক নাসির ডাক্তার ও শওকত আলী সরকারের সঙ্গে স্থানীয় মাফিক নায়েবের বিরোধ চলছিল। নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। বিকেলে মাফিক নায়েবের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে কুপিয়ে গুরুতর আহত হন জসিম নায়েব।
আহত অবস্থায় জসিমকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। তবে ঢামেকে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা। জসিম নায়েব চর আব্দুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমেন অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবির বলেন, একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। বিষয়টি যাচাই করা হচ্ছে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারিবারিক দ্বন্দ্বের তথ্য পেয়েছে। পরে সংঘর্ষের কথা শোনা গেলেও কেউ নিশ্চিত করে জানায়নি।
এ সংবাদ লেখা পর্যন্ত (রাত ৯টা) ওই গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি