খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে ঘোষিত সর্বশেষ ফলাফলে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ-সমর্থিত ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট।
দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী ৫৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
২০৩টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল প্রকাশ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফলের তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়িতে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় ৮৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া।
উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৪৩ হাজার ৫৫৯। বৈধ ভোট ৩ লাখ ৩৩ হাজার ৪৭৯ এবং বাতিল ভোট ১০ হাজার ৮০। মোট ভোটের ৬২ শতাংশ কাস্টিং হয়েছে। জেলায় ভোটের দিন কোথাও কোনো বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি ছাড়াও সেনাবাহিনী সার্বক্ষণিক সতর্ক পাহারায় ছিল।
রিপোর্টার্স২৪/এসএন