স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশ নিয়েছেন ঈদের উৎসবের মতো উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ততায়—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি বলেন, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
ইসি সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি শুভ সকাল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন, কমিশনের একটাই লক্ষ্য ছিল স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কোনো ত্রুটি বা বিচ্যুতি হয়ে থাকলে তা ছিল অনিচ্ছাকৃত। এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক দায়িত্বই ছিল না, বরং একটি পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছি।
তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ ঈদের উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, যা সমস্ত শঙ্কা দূর করেছে এবং জাতি হিসেবে বাংলাদেশকে বিজয়ী করেছে।
এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, নিরাপত্তা বাহিনী, বিএনসিসির শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ইসি।
সমাপনী বক্তব্যে তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন হয়।
রিপোর্টার্স২৪/ঝুম