বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী, জেলার চার আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান ১ লাখ ১৬ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৯৫৬ ভোট।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জয় পেয়েছেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তিনি ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৩৯৯ ভোট।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ৪ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩ হাজার ২০৬ ভোট।
অন্যদিকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম ১ লাখ ১৪ হাজার ৯২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫ হাজার ৫৯৫ ভোট।
ঘোষিত বেসরকারি ফলাফলে বাগেরহাট জেলায় জামায়াতের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় অর্জন করায় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর ফলাফল চূড়ান্ত হবে।
রিপোর্টার্স২৪/বাবি