রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ৩১টির ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। ৩১ কেন্দ্রে তিনি ৩৫ হাজার ৯৫০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদেরকে পিছনে ফেলেছেন।
দীপুর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত মো. আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা প্রতীকে) ৩১ কেন্দ্র থেকে পেয়েছেন ১৯ হাজার ৫৬৩ ভোট। ফলাফলের এই ব্যবধান দিপুর জনপ্রিয়তা ও ভোটার সমর্থনের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। আসনের ১২৯টি কেন্দ্রের মধ্যে এখনও বাকি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়নি, ফলে চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।
স্থানীয় সূত্র জানায়, ভোটগ্রহণ দিনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন রাখা হয়েছিল। প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তা।
এই প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী দিপু নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশ এগিয়ে অবস্থান করছেন।
রিপোর্টার্স২৪/বাবি