| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৮:২৬:১৭:অপরাহ্ন  |  ৭২৩৫১৩ বার পঠিত
কাপাসিয়ায় বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের চাঁদপুর ইউনিয়নের ‘ভাওয়াল চাঁদপুর’ ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় দলের চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে ভাওয়াল চাঁদপুর কেন্দ্রের আশপাশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চাঁদপুর বাজার এলাকা থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে আটক করে।

পরে আটককৃতদের আদালতে হাজির করা হলে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

এ ঘটনায় দণ্ডপ্রাপ্তরা হলেন, দুর্গাপুর গ্রামের ইসমাইলের ছেলে বিএনপি কর্মী ইলিয়াস সরকার, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব তারেক রহমান দূর্জয়, জামায়াতে ইসলামীর বহিরাগত সমর্থক ইফতেখারুল আলম ও মেজবাহুল ইসলাম।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪