রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির পৃথক দুই ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।
কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে মো. ইয়াছিন (২৪) নামের এক যুবক আটক হন। তিনি ঘাগড়া বাজার এলাকার বাসিন্দা। জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভোটকেন্দ্রটির পুলিশ ইনচার্জ সোহেল মোল্লা বলেন, মো. ইয়াছিন নামে এক ব্যক্তি জাল ভোট দেওয়ার সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও জাল ভোট দেওয়ার অভিযোগে শফিউল বাশার (১৯) নামে আরেক যুবককে আটক করা হয়। তিনি ভোট দেওয়ার আগেই ধরা পড়েন। পরে প্রিজাইডিং অফিসার তাঁকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।
পুরানপাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টিপু সুলতান বলেন, এক ব্যক্তি জাল ভোট দিতে এলে তাঁকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রটির পুলিশ ইনচার্জ মো. আলী হোছাইন জানান, আটক ব্যক্তি ভোট দিতে পারেননি; প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে তাঁকে পুলিশের মোবাইল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন