| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি–২৯৯ আসনে ভোটগ্রহণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৭:০৩:০৫:অপরাহ্ন  |  ৭২১০১৪ বার পঠিত
উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি–২৯৯ আসনে ভোটগ্রহণ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি–২৯৯ আসনে সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। শেষ পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে কয়েকজন প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা অভিযোগ করেন, তাঁর সমর্থকদের দুর্গম এলাকায় বাধা দেওয়া হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের পহেল চাকমা বলেন, তাঁর সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে এবং কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট ডাকাতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দীন ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর বলে মন্তব্য করেন।

রাঙ্গামাটির ১০টি উপজেলা, দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ২১৩টি, যার মধ্যে ২০টি দুর্গম এলাকায়।

নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। বিভিন্ন কেন্দ্রে বালির বস্তা দিয়ে তৈরি বাংকারে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির দীপেন দেওয়ান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, জাতীয় পার্টির অশোক তালুকদার, ইসলামী আন্দোলনের মো. জসিম উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং গণ অধিকার পরিষদের এম এ আবুল বাশার। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪