যশোর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে যশোরে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্য।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় তারা ভোটারদের উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন। বেলা সাড়ে ১১টায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রথমে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের দুটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। সেখানে ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম, ভোটারদের দীর্ঘ লাইন, বুথ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা। পরে নতুন খয়েরতলা এলাকার কেন্দ্রগুলোও পরিদর্শন করেন। পরিদর্শনকালে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার সরাসরি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।
ভোট দিতে এসে কোনো ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না, তা জানতে চান তারা। ভোটাররা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারার কথা জানান। একই সঙ্গে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও তারা কথা বলেন।
পরিদর্শন শেষে রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানান, যশোরের প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।
উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা স্কুল ও এমএম কলেজের মতো বড় কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন