| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ভোটের আগেই রেজাল্ট শিটে সই, প্রিজাইডিং কর্মকর্তা ক্লোজড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৫:৪২:০৫:অপরাহ্ন  |  ৭৩৬৩১৯ বার পঠিত
নওগাঁয় ভোটের আগেই রেজাল্ট শিটে সই, প্রিজাইডিং কর্মকর্তা ক্লোজড
ছবির ক্যাপশন: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন।

জানা গেছে, নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ (সওজ) বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে তিনি নিজের স্বাক্ষর ও পদবি-সংবলিত সিল প্রদান করেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা।

অভিযোগের বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুতে সময় লাগে এবং কখনো সময়সংকট দেখা দিতে পারে। কাজের সুবিধা ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আগেই স্বাক্ষর করেছেন বলে তিনি উল্লেখ করেন। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে তার স্পষ্ট ধারণা নেই বলেও জানান।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ ইবনুল আবেদীন বলেন, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪