বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর আসনের নির্বাচনী লড়াইয়ে থাকা বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ও জেলা বাসদের আহ্বায়ক ডা. মনীষা চক্রবর্তী ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ ও অভিযোগ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগরীর এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
ডা. মনীষা চক্রবর্তী দাবি করেন, ভোট শুরুর আগে রাত থেকেই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পেশিশক্তির মহড়া দেওয়া হয়েছে। তিনি বলেন, রাত থেকেই কেন্দ্রগুলোতে পেশিশক্তির প্রভাব বিস্তারের চেষ্টা চলেছে। এমনকি আজ সকালে আমাদের পোলিং এজেন্টদের অনেক কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ আপাতদৃষ্টিতে সুষ্ঠু মনে হলেও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।
নির্বাচনের এই সুষ্ঠু ধারা শেষ পর্যন্ত বজায় থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, প্রশাসন যদি সঠিকভাবে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তবেই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
অন্যথায় সুষ্ঠু ভোট কখনোই সম্ভব নয়। প্রশাসনকে অবশ্যই পেশিশক্তির এই প্রভাব বন্ধ করতে হবে, না হলে সাধারণ মানুষের আস্থার জায়গাটি ধসে পড়বে।
ডা. মনীষা চক্রবর্তী আশা প্রকাশ করেন যে, দিনের বাকি সময়ে প্রশাসন আরও কঠোর হবে এবং সাধারণ ভোটার ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করবে।
রিপোর্টার্স২৪/মিতু