রিপোর্টার্স২৪ ডেস্ক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বলেছেন, আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকের নির্বাচন সুষ্ঠু হচ্ছে, ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।
তিনি এ মন্তব্য করেন রাজধানীর আদমজী কলেজে নিজ ভোটাধিকার প্রয়োগের পর।
সারা দেশের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেন, সকালে থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। আমার কাছে থাকা খবর অনুযায়ী, সব কেন্দ্রে ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।
ভোটারদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনাদের বাসা থেকে নির্ভয়ে বের হয়ে পোলিং স্টেশনে যান এবং ভোট দিন। এই নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বলেন, আপনারা মিডিয়ার লোকজন জনগণকে ভোটের সুষ্ঠু পরিবেশ জানাচ্ছেন, এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং উৎসাহিত হয়ে ভোট কেন্দ্রে আসছে।
শেষে সেনাপ্রধান আশাবাদ প্রকাশ করে বলেন, সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ, আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।
রিপোর্টার্স২৪/ঝুম