নেত্রকোণা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নেত্রকোণার ৫টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এখানে ৫টি আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ১০টি উপজেলায় ৬৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। ৫টি আসনে মোট ভোটার রয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৭ শত ৩৬ জন।
সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতি কম। জেলায় ১১০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণে কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন, ১,৮৯০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। কোনো ব্যত্যয় ঘটালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসএন