কুষ্টিয়া প্রতিনিধি: সারা দেশের মতো কুষ্টিয়াতেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চারটি সংসদীয় আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের পাশাপাশি প্রায় দুই হাজার পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনী এলাকায় ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ২৮৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৯৯টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩০৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
চারটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
রিপোর্টার্স২৪/মিতু