| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাইভ ফিডে সারাদেশের ভোট পরিস্থিতি দেখছে ইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১১:১০:৫৪:পূর্বাহ্ন  |  ৭১৯০৩৮ বার পঠিত
লাইভ ফিডে সারাদেশের ভোট পরিস্থিতি দেখছে ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত : বা.নি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশের বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং মানুষবিহীন আকাশযান (ইউএভি) থেকে সরাসরি লাইভ ফিডের মাধ্যমে দেশের বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি মনিটর করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে স্থাপিত আইনশৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে এমন চিত্র দেখা গেছে। সেখানে বসেই সংশ্লিষ্ট কর্মকর্তারা সারাদেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ইসি সচিব আখতার আহমেদ সংবাদকর্মীদের বলেন, আপনারাও ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের জানান।

সমন্বয় সেলে বিমান বাহিনী, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। দেশের আটটি বিভাগকে চারটি সাব-সেলে ভাগ করে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইসি সূত্র জানায়, সকাল ৯টা পর্যন্ত প্রায় ১১ লাখ ভোট পড়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনী মানুষবিহীন আকাশযান থেকে সরাসরি লাইভ ফিড দিচ্ছে। পাশাপাশি পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন বাহিনীর ড্রোন থেকেও লাইভ চিত্র সংগ্রহ করা হচ্ছে।

এ ছাড়া ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে তাৎক্ষণিক তথ্য ও আপডেট পাচ্ছে কমিশন।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে না; পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করবে ইসি।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ৮৩ জন, দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন।

বিএনপির নারী প্রার্থী রয়েছেন ১০ জন। জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামপন্থী দলগুলোর কোনো নারী প্রার্থী নেই।

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এবার ভোট দিতে পারছেন না। ফলে আজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪