| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে রুমিন ফারহানার সমর্থকের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৮:৩২:০০:পূর্বাহ্ন  |  ৭৪৮১০৬ বার পঠিত
রাতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে রুমিন ফারহানার সমর্থকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ) আসনে ভোটের আগের রাতে একটি কেন্দ্রকে ঘিরে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক মো. নাসির মিয়াকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকার আছিয়া সাফি উদ্দিন ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং তাৎক্ষণিক শুনানি শেষে দণ্ডাদেশ দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, রাতে কেন্দ্রটিতে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় স্থানীয়রা নাসির মিয়াকে দেখতে পান। কেন্দ্রের ভেতরে তার উপস্থিতি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়।

সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, নাসির মিয়া নামের ওই ব্যক্তি গভীর রাতে অবৈধভাবে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ করে সেখানে অবস্থান করছিলেন। নির্বাচনী আইন অনুযায়ী ভোটকেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশ ও অবস্থান দণ্ডনীয় অপরাধ। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নাসির মিয়া আশুগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক হিসেবে পরিচিত।

নির্বাচনকে ঘিরে প্রশাসন জানিয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রের ভেতর বা আশপাশে কোনো ধরনের অননুমোদিত প্রবেশ বা বিশৃঙ্খলার চেষ্টা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪