| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৭:৩৬:২৭:পূর্বাহ্ন  |  ৭৫০৫২১ বার পঠিত
২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার: বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবের ওপর জাতীয় গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশজুড়ে একযোগে শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে ভোটারদের সারিবদ্ধ হয়ে ভোটের লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেক আশা-আশঙ্কা নিয়েই পছন্দের প্রার্থী কিংবা দলকে বিজয়ী করতে ছুটে গেছেন কেন্দ্রে। 

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে আসনটিতে নির্বাচন স্থগিত করায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এবারের নির্বাচন ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় ভোট। একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়ার ফলে ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন; একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য (সাদা ব্যালট) এবং অন্যটি গণভোটে ‘হ্যাঁ/না’ মতামতের জন্য (গোলাপি ব্যালট)।

ইসির দেওয়া তথ্যমতে, এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার অংশ নেওয়ার কথা। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। এর মধ্যে ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন দুইজন।

ভোটগ্রহণে প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। মাঠপর্যায়ে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজারের বেশি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রায় ৫ লাখ পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য। এর মধ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা, ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী অপরাধ মোকাবিলায় দুই হাজারের বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। এছাড়া দেশি ৫৫ হাজারের বেশি এবং আন্তর্জাতিক প্রায় ৪০০ পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, ১৫ লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, যা মূল গণনার সময় যুক্ত হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪