ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যাকে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভোটকেন্দ্রে প্রবেশ করায় অবরুদ্ধ করা হয়েছে। ঘটনাটি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ঘটেছে।
ঘটনার একটি ৩ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কেন্দ্রের গেটের ভেতরে প্রার্থীকে কিছুক্ষণ ধরে অবরুদ্ধ রাখা হয়। বাইরে থাকা বিক্ষুব্ধ ব্যক্তিরা প্রশ্ন করেন, ‘রাতে কেন এসেছেন?’ প্রার্থী পাল্টা জবাবে বলেন, নিয়ম আছে, আমি নিয়ম জানেই ঢুকেছি। রাতের সময় ভিজিট করতে এসেছি। একপর্যায়ে প্রার্থী নিজেই গেট খুলে বেরিয়ে যান।
জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্যার সমর্থকরা অভিযোগ করেন, বিএনপির কর্মীরা কেন্দ্র দখল করার খবর পেয়ে প্রার্থী সেখানে ছুটে গিয়েছিলেন। জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন বলেন, বিষয়টি তার কাছে জানা নেই, তবে খোঁজখবর নিচ্ছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশনা জাহান বলেন, রাতে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভোটকেন্দ্রে প্রার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় অবস্থান নিয়েছে।