পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে অর্ধকোটি টাকাসহ বিএনপি মনোনীত এক প্রার্থীর কর্মীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ডের একটি টহল দল ওই নেতাকে আটক করে এবং সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করে।
আটককৃত ব্যক্তির নাম রেজাউল করিম ওরফে কাজল মৃধা। তিনি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কাজল মৃধা জানিয়েছেন, এই টাকাগুলো আমার ব্যবসায়ীক টাকা এবং অন্য এক ব্যবসায়ী পার্টনার থেকে আনা হয়েছে। ব্যাংক বন্ধ থাকায় আমি এখন পর্যন্ত এটিকে জমা দিতে পারিনি। তিনি আরও বলেন, টাকা বিতরণের সঙ্গে তার কোনো নির্বাচনী উদ্দেশ্য নেই।
কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত অর্থের উৎস এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নগদ অর্থটি ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে হতে পারে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান পরিচালনা করেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের ব্যাগ তল্লাশি করে ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, কলাপাড়ায় নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে এবং ভোটার প্রভাবিত করার চেষ্টা চলছে। এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা এবং নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত মামলা বা তদ্বির কার্যক্রম শুরু করেছে এবং তদন্ত চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি